পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা ও হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, চন্দ্রনাথ রথ একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে ফিরছিলেন। সেই সময় মোটরবাইকে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই হামলায় গাড়িতে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) এবং কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিজেপি নেতা ও বিধায়করা হাসপাতালে ভিড় জমান। পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের ঠিক আগ মুহূর্তে এমন উচ্চপর্যায়ের এক হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। পুলিশ ঘাতক ও ব্যবহৃত গাড়িটি উদ্ধারে তদন্ত শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



















