মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে যাত্রীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সভায় তিনি এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ২৪/৭ জরুরি হেল্পলাইন চালু রাখার নির্দেশ দেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তাদের অগ্রাধিকার ভিত্তিতে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী সভায় স্পষ্ট করে বলেন, এই সংকটকালীন সময়ে কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ বা জরিমানা আদায় করা যাবে না, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের পাশে দাঁড়াতে হবে। বর্তমানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট চলাচল স্থগিত থাকায় হাজার হাজার যাত্রী বিভ্রান্তির শিকার হচ্ছেন। সভায় উপস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এবং বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা জানান, আকাশসীমা উন্মুক্ত হওয়া মাত্রই অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া প্রবাসীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।



















