বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
শুক্রবার বাংলাফ্যাক্ট জানায়, তারেক রহমান তার সম্পূর্ণ বক্তব্যে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’ অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ যুক্ত করে সংবাদ প্রকাশ করেছে, যার পক্ষে প্রতিবেদনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, তারেক রহমানের বক্তব্যের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ অংশটুকু নিয়েই এবিপি আনন্দ বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে। এতে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে।
ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়, ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন। তবে সেখানে ভারত নিয়ে কোনো বক্তব্য বা পরিকল্পনার কথা ছিল না।
বাংলাফ্যাক্ট জানায়, বক্তব্যের শুরুতে তারেক রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ ভাষণের প্রসঙ্গ টেনে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শব্দবন্ধটি ব্যবহার করেন। এটি দেশের মানুষের কল্যাণে তার ভাবনার প্রতীকী প্রকাশ ছিল।
তবে ওই বক্তব্যকে বিকৃত করে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ ‘আই হ্যাভ অ্যা প্ল্যান… বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা?’—শিরোনামে সংবাদ প্রকাশ করে, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং সংস্থাটি আরও জানায়, গত এক বছরে ভারতীয় কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা ইতোমধ্যে শনাক্ত করেছে এবং গুজব ও অপতথ্য প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে।



















