বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের সমবেত না হওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণের আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আসবে। এ প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সিলেট বিমানবন্দরে কোনো ধরনের অভ্যর্থনা বা ভিড় না করার জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিলেট জেলা, মহানগর ও বিভাগের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণই এ সময় দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা।



















