নেপালের মধ্যাঞ্চলে হিমলুং পর্বতের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর থেকে তুষারের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং।
তিনি জানান, গত রোববার ভোরে চীন সীমান্তের কাছাকাছি ৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৩৫ ফুট) উচ্চতার হিমলুং শিখরের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটে। ওই সময় পরবর্তী পর্বতারোহণ অভিযানের প্রস্তুতি হিসেবে ক্যাম্পে তাঁবু স্থাপন ও রশি লাগানোর কাজ করছিলেন নেপালি কর্মীরা।
তুষারধসের সময় বেস ক্যাম্পে কোনো বিদেশি পর্বতারোহী পৌঁছাননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্ধার অভিযানে অভিজ্ঞ গাইডসহ ১১ সদস্যের একটি দল অংশ নেয়। তারা চার মিটারের বেশি গভীর তুষার সরিয়ে ক্যাম্পের তাঁবুগুলোতে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান করেন।
এর আগে রোববার দুইজন পর্বতারোহণ গাইড, সোমবার দুইজন রান্নাঘরের কর্মী এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে উদ্ধার অভিযান চালিয়ে নিহতের সংখ্যা ১৫ জনে পৌঁছায়।
তুল সিং গুরুং জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো হেলিকপ্টারে করে কাঠমান্ডুতে নেওয়ার প্রস্তুতি চলছে। তুষারের নিচে এখনও একজন কর্মী নিখোঁজ রয়েছেন। তবে তাঁকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন উদ্ধারকারীরা।
এ পরিস্থিতিতে উদ্ধার অভিযান ধীরে ধীরে শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সূত্র: রয়টার্স


















