ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর দেওয়া ফেসবুক পোস্টে শব্দচয়ন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
সাদিক কায়েম লেখেন, এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটো কার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানান।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবে, তবে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কাম্য নয়। রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, বাংলাদেশপন্থার রাজনীতিতে তাদের কমন শত্রু হলো আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা। এসব শক্তির বিরুদ্ধে সজাগ থেকে নিজ নিজ মতপথে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গতকাল ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর যে পোস্টটি তিনি দিয়েছিলেন, সেখানে শব্দচয়নের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানান ।



















