সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ বৃহস্পতিবার থেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকাল পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যত বন্ধ হয়ে গেছে। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বার্ষিক পরীক্ষাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ জানিয়েছে, রোববার থেকে কর্মবিরতি শুরুর কথা থাকলেও ১১তম গ্রেডসহ প্রধান দাবিগুলোতে অগ্রগতি না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকেই কর্মসূচি শুরু করা হয়েছে।
শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো— সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা।
গত ৯ ও ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলেও প্রত্যাশিত অগ্রগতি না থাকায় এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
দেশে তিন লাখ ৮৪ হাজারের বেশি প্রাথমিক শিক্ষক এবং প্রায় এক কোটি শিক্ষার্থী এই কর্মবিরতির প্রভাবের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।



















