ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আটটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে মেরামত শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় ইঞ্জিনসহ ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ নম্বর বগি থেকে ‘খ’ নম্বর পাওয়ার কার এবং পরবর্তী আটটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ওসি আরও জানান, ইঞ্জিনসহ সামনের তিনটি বগি নিয়ে ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
পরে মেরামতের কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়। বর্তমানে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে


















