বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা যদি সাহস এবং সততার সঙ্গে এগিয়ে চলে, তাহলে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ সবসময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, “মনে রেখো, জনগণই বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির মূল রাজনৈতিক শক্তির উৎস।”
রোববার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদল আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “তোমরাই ভবিষ্যৎ বাংলাদেশ। ফ্যাসিবাদমুক্ত একটি রাষ্ট্র গঠনে তোমরাই অগ্রণী ভূমিকা রাখবে। আজকের প্রবীণদের অভিজ্ঞতা আর তোমাদের দৃঢ়তা মিলেই গড়ে উঠবে শহীদদের স্বপ্নের বাংলাদেশ।”
তিনি আরও জানান, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, কারাবরণ এমনকি প্রাণ হারিয়েছেন। বিশেষ করে জুলাই মাসের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের নেতা ওয়াসিমসহ অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার। ওই সময়ে ছাত্রদলের দুই হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছিলেন।
তারেক রহমান বলেন, “পলাতক স্বৈরাচার যতই দমনপীড়ন চালাক না কেন, ছাত্রদলের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। আজকের এই গণসমাবেশই তার জবাব।”
তিনি আবারও ছাত্রদলকে স্মরণ করিয়ে দেন, “যদি তোমরা সততার সঙ্গে এগিয়ে যাও, জনগণ সবসময় তোমাদের পাশে থাকবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন।


















