অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ এবং রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে অনুসন্ধানী সাংবাদিক তথা ক্রাইম রিপোর্টারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের পরিবর্তনের সঙ্গে অপরাধের ধরনও বদলেছে। বর্তমানে অপরাধের অনেক ক্ষেত্র আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে অপরাধ দমন ও প্রতিরোধে আধুনিক আইনি কাঠামোর পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধ, অপরাধী, অপরাধবিজ্ঞান, পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়—এগুলো পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো ঐতিহ্যবাহী সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে।
মন্ত্রী জানান, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের যাত্রায় ক্র্যাব অনুসন্ধানী সাংবাদিকতায় একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। তাঁর মতে, অনুসন্ধানী সাংবাদিকতা একটি জ্ঞানভিত্তিক ও উচ্চমানের সাংবাদিকতার শাখা, যেখানে গভীর পড়াশোনা ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন হয়।
অপরাধের মূল কারণ খুঁজে বের করার তাগিদ
অপরাধের মূল কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধকে শুধু একটি বাহ্যিক উপসর্গ হিসেবে দেখলে হবে না; এর মূল কারণ খুঁজে বের করে গোড়ায় আঘাত করতে হবে।
তিনি বলেন, সমাজে সংঘটিত বিভিন্ন গুরুতর ও চাঞ্চল্যকর অপরাধ বিশ্লেষণ করে দেখা গেছে, অনেক ক্ষেত্রেই মাদক ও জুয়া অপরাধের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে।
অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি কেন অপরাধ সংঘটিত হচ্ছে, তা সমাজের গভীরে গিয়ে বিশ্লেষণ করার ওপর জোর দেন তিনি। অপরাধের উৎসমুখে সমাধান আনা সম্ভব হলে সমাজে অপরাধের হার কার্যকরভাবে কমানো সম্ভব বলেও মন্তব্য করেন।
আহত সাংবাদিকদের সহযোগিতার কথা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রাইম রিপোর্টাররা পেশাগত দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ক্রাইম রিপোর্টার ক্ষতিগ্রস্ত বা আহত হলে সিএসআর (CSR) ফান্ড বা অন্য কোনো মাধ্যমে তাঁদের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ ছাড়া পেশাগত শ্রেষ্ঠত্ব ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের সনদ দেওয়া যায় কি না, সে বিষয়েও আইনগত দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্র থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্রের প্রত্যাশা ও সমাজের আশা পূরণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
অ্যাসিড অপরাধ দমনের উদাহরণ
অ্যাসিড অপরাধ দমনে অতীতের সফলতার উদাহরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
তাঁর মতে, কঠোর আইন, গণমাধ্যমের ভূমিকা এবং ব্যাপক সামাজিক সচেতনতার সম্মিলিত প্রয়াসে দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। একইভাবে মাদক, অনলাইন জুয়াসহ অন্যান্য অপরাধ নির্মূলেও সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণে নতুন আইনের কথা
অনলাইন জুয়া ও মাদক নির্মূলে আইনি কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোনো আইন আধুনিকায়ন করা জরুরি।
তিনি জানান, ১৮৬৭ সালের গ্যাম্বলিং অ্যাক্ট পরিবর্তন করে ডিজিটাল মাধ্যমে অনলাইন জুয়া, ম্যাচ ফিক্সিং ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় ‘জুয়া প্রতিরোধ আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।
দুর্বল আইনের সুযোগ নিয়ে যাতে অপরাধীরা পার পেতে না পারে, সে জন্য প্রয়োজনীয় আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও সচিব পদমর্যাদার রাশেদ খাঁন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
বক্তারা ক্র্যাবের ৪৩ বছরের বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে কেক কেটে ক্র্যাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


















