সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘জুলাই হত্যাকাণ্ডের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে’ – আইন উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

Spread the love

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ডের’ বিচার প্রক্রিয়া পূর্ণ গতিতে এগিয়ে চলেছে এবং এতে কোনো প্রকার গাফিলতি থাকবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গতিতে বিচার চলছে, তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে।

সোমবার (১৪ জুলাই, ২০২৫) বিকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

‘জুলাই গণঅভ্যুত্থানে’ নারায়ণগঞ্জে যারা শহীদ ও আহত হয়েছেন এবং নানাভাবে অবদান রেখেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ফৌজদারি আদালতেও অনেক মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন যে, এসব মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আগামী ৫ আগস্টের মধ্যেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, চার্জশিট দাখিলের পর প্রয়োজনে দ্রুতবিচার আইনে এসব অপরাধের বিচার করা হবে।

ড. আসিফ নজরুল বলেন, “গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনের মধ্যে সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসককে উৎখাত করেছে এবং বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে।”

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আইন-শৃঙ্খলা লঙ্ঘন, বিশৃঙ্খলা, ভয়াবহ হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের’ সময় জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মহাক্ষমতাধর ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছিল, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে। তিনি স্থানীয় চাঁদাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসন এক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান; শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার; জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান; গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম; ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।

উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ