দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতা হাসনাত আবদুল্লাহ।
ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাঁদের লড়াই অব্যাহত থাকবে।
প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।


















