দরিদ্র মার্কিনিদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি (সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম) বন্ধের পরিকল্পনা নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ২৫টি অঙ্গরাজ্য।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় চার কোটি নিম্নআয়ের মানুষের জন্য ব্যবহৃত এই প্রোগ্রামের অর্থায়ন বন্ধ ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছে অঙ্গরাজ্যগুলো। তারা চায়, প্রশাসন যেন ৬০০ কোটি ডলার জরুরি তহবিল ব্যবহার করে ফুড স্ট্যাম্প কর্মসূচি চালু রাখে।
তবে মার্কিন কৃষি দফতর (ইউএসডিএ) জানিয়েছে, এই তহবিল অন্য জরুরি প্রয়োজনে ব্যবহৃত হবে এবং নভেম্বরে অর্থ শেষ হয়ে গেলে সহায়তাও বন্ধ হয়ে যাবে। ইউএসডিএ স্পষ্ট জানায়—“সহজভাবে বললে, কূপ এখন শূন্য।”
ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে করা মামলায় বলা হয়েছে, জরুরি তহবিল ব্যবহার না করা আইনবিরুদ্ধ এবং এর ফলে কোটি কোটি মানুষ খাদ্য কেনার সামর্থ্য হারাবে। এতে অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দেবে, বিশেষ করে শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি ও মানসিক সমস্যা বাড়বে।
অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নিউইয়র্ক, ওয়াশিংটন ও উইসকনসিনসহ ২৫টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি এই মামলায় অংশ নিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিতর্ক ফেডারেল শাটডাউনের দীর্ঘস্থায়ী অচলাবস্থাকে আরও গভীর করেছে, যেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পারস্পরিক দোষারোপ অব্যাহত রয়েছে।



















