সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চলের ভ্যালাইস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিমানে থাকা তিন আরোহীর কেউই বেঁচে নেই।
বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ভ্যালাইস আঞ্চলিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টিকিনো অঞ্চলের লুগানো শহর থেকে উড্ডয়ন করে একক ইঞ্জিনের ‘সিরাস এসআর২২টি’ মডেলের বিমানটি। পরে ভ্যালাইস ক্যান্টনের লয়কারবাড পৌরসভার কাছে একটি পাহাড়ের ঢালে আঘাত হেনে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে বিমানের ভেতরে থাকা তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার ও দুজন উদ্ধারকারী বিশেষজ্ঞসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে যায়।
বিমানটি কী কারণে পাহাড়ের ঢালে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


















