হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর ভয়াবহ আগুন লেগেছে। আগুনের সূত্রপাত হয়েছে কার্গো কমপ্লেক্সের স্কাই ক্যাপিটাল লাউঞ্জ থেকে, যা বিমানবন্দরের ৮ নম্বর গেটের প্রবেশ পথের পাশেই অবস্থিত।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ জানান, ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এই কারণে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্গো কমপ্লেক্সে অতিরিক্ত দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন বিস্তার পেয়েছে। ধোঁয়া দেখা দেওয়ার পর বিমানবন্দরের অভ্যন্তরীন ফায়ার স্টেশন আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও পুরো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং কয়েকজন দগ্ধকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেস লিমিটেডের পরিচালক সুলতান আহমেদ বলেন, “আজ হাফ শিপটিং চলছিল। আমাদের আড়াইটন মাল পুড়ে গেছে। সব গার্মেন্টস আইটেম, বাটন, জিপার, ফেব্রিকসসহ অন্যান্য মালামাল ধ্বংস হয়েছে।”
মাস্টার ইয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মো. রোকন মিয়া জানান, স্কাই লাউঞ্জে কেমিক্যাল, ফেব্রিক ও মেশিনারিজ রাখা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি আশঙ্কা করছেন, এই আগুনের কারণে ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাউঞ্জে রাখা কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।



















