রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে ‘আনোয়ার ফ্যাশন’ নামে একটি গার্মেন্ট ও পাশের শাহ আলম কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গার্মেন্টের আগুন নিয়ন্ত্রণে আনলেও কেমিক্যাল গুদামের আগুন রাত পর্যন্ত জ্বলতে থাকে। গার্মেন্ট ও গোডাউনে অগ্নিনিরাপত্তা সনদ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে অংশ নেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার নির্দেশ দেন।



















