শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ

Spread the love

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) এই বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে রাজনৈতিক সংকট ও নির্বাচন ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে। চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ঈদের একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেও, বিএনপি এখনো এতে সম্মতি জানায়নি। দলটি ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে তাদের অবস্থান ধরে রেখেছে।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে নির্বাচন। এর পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার এবং জুলাই সনদসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তাদের মতে, এই বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, “মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে যে-রকম একটি ভূমিকা আমরা দেখব, একই ভাবে সরকারের কাছ থেকেও আমি মনে করি দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন।”

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, “ঐক্যে যদি চিড় ধরে তাহলে আমাদের শত্রুদেশরা এটার সুযোগ নেবে। সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এই যে বৈঠকটা হবে ওনাদের, এক বৈঠকেই সব সমাধান হয়ে যাবে তা তো না। এটাকে একটা শুরু বলা যেতে পারে।”

সর্বশেষ - অপরাধ