স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ভোট ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ভোট ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
পর্যায়ক্রমে পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে কমিশন।


















