ইতালির উত্তরাঞ্চলের লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরে একটি ব্যস্ত হাইওয়েতে মঙ্গলবার (২২ জুলাই) ছোট আকারের একটি বিমান ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এবং এর দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনার চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহতরা হলেন বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার একমাত্র যাত্রী ও বান্ধবী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। সার্জিও পেশায় আইনজীবী এবং একজন শৌখিন পাইলট ছিলেন। তারা উভয়েই লম্বার্দির রাজধানী শহর মিলানের বাসিন্দা।
মঙ্গলবার সকালে ব্যস্ত হাইওয়েতে একটি ইতালীয় ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট বিমান প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ধারণা করা হচ্ছে, পাইলট সড়কে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু সেটি ব্যর্থ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল বেশ কয়েকটি গাড়ি। ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে কয়েকটি গাড়ি অল্পের জন্য দ্রুত চলে যায়। সেসব গাড়ির মধ্যে দুটির চালক আহত হয়েছেন, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
বিমান বিধ্বস্তের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ততক্ষণে বিমানটি পুড়ে ছাই হয়ে যায়। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে। (সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, গেজেটা এক্সপ্রেস)



















