মানুষকে ভোলানো কিংবা শুধু কথা বলে ভোট নেওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়ানোর জন্য।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনও সেই লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এ চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, দিনাজপুরের এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মানুষকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। দিনাজপুর জেলা শহর থেকেও এ অঞ্চলের দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। এ পরিস্থিতিতে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে।
মন্ত্রী আরও বলেন, তরুণদের জাগিয়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতন করাই চাকরি মেলার অন্যতম উদ্দেশ্য। এ আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও কার্যকরভাবে এ ধরনের আয়োজন করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের পাশাপাশি পুরো দিনাজপুর জেলাকে দেশের সামনে সম্ভাবনাময় ও সক্ষম অঞ্চল হিসেবে তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
চাকরি মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ২৪ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন। মেলা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা রয়েছে।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















