সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদি আরবের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি বলে একটি মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। এ তথ্য প্রকাশ্যে আসার পর রিয়াদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উদ্বেগ আরও বেড়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত মাসে কংগ্রেসে পাঠানো কয়েকটি গোপন নথিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা ও সম্ভাব্য অস্ত্র কর্মসূচি নিয়ে গোয়েন্দা মূল্যায়ন রয়েছে। তবে এসব নথি এখনো প্রকাশ্যে আনা হয়নি। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদি আরবে মার্কিন কোম্পানিগুলোকে পারমাণবিক জ্বালানি ও বিদ্যুৎ প্রকল্পে কাজের সুযোগ দিতে একটি চুক্তির প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তিটি বর্তমানে মার্কিন কংগ্রেসের পর্যালোচনায় রয়েছে। এর মধ্যেই সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে গোয়েন্দা মূল্যায়নের তথ্য সামনে এলো।

ট্রাম্প প্রশাসনের ভাষ্য, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক অংশীদারত্ব দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের ব্যবসায়িক সুযোগ তৈরি করবে। একই সঙ্গে পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সৌদি আরব যাতে রাশিয়া বা চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে পড়ে, সেই লক্ষ্যও রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

চুক্তিটির পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না।

তবে গোয়েন্দা মূল্যায়নে সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যে উদ্বেগের কথা বলা হয়েছে, সে বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্টের প্রশ্নের সরাসরি কোনো জবাব দেয়নি সৌদি সরকার।

এর পরিবর্তে সৌদি জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমানের আগের বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সর্বোচ্চ মান বজায় রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী সৌদি আরবকে ৫ শতাংশের কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়ার কথা রয়েছে। তবে পৃথক একটি চুক্তির মাধ্যমে পরবর্তী সময়ে এই মাত্রা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ দেওয়া হতে পারে।

২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী নয়। তবে বিশেষজ্ঞদের মতে, এই মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করলে অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় উচ্চমাত্রার সমৃদ্ধকরণের দিকে প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া সহজ হতে পারে। পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও অবকাঠামো গড়ে তোলার পথও তৈরি হতে পারে।

এ কারণে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ, এর সীমা এবং ভবিষ্যতে তা বাড়ানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ