যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হকের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সাধারণ পরিষদের অধিবেশনস্থলে যোগ দেন।
সাধারণ পরিষদ মিলনায়তনে আসনগুলো সদস্যরাষ্ট্রের নামের ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী সাজানো থাকায় ‘B’ আদ্যাক্ষরের বাংলাদেশ প্রতিনিধিদল প্রথম সারিতে আসন পায়। অধিবেশনস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
মিলনায়তনে প্রবেশের পর প্রধানমন্ত্রী ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন জানান এবং নিজ আসনে বসেন। এরপর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী বক্তব্য দেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পেতে পারে।
জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। তাঁর সফরসূচিতে উন্নয়ন, অর্থনীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কর্মসূচিও রয়েছে।


















