ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এছাড়া শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার সাত কলেজকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের সময় সায়েন্স ল্যাব এলাকায় ঢাবির একটি বাস আটকে দেওয়া এবং শিক্ষার্থীদের ওপর হামলার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
হামলার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় নীলক্ষেত এলাকায় অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা। খবর পেয়ে উপাচার্য ও ডাকসু নেতারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির প্রতি সংহতি জানান। উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও দাবিদাওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রক্টরিয়াল বডি এ বিষয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে



















