শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানে সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ কমল ৫০ শতাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

Spread the love

জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে নতুন করে বেশ কিছু কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এর আওতায় সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত এবং সরকারি নৈশভোজ আয়োজন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিন মাস সরকারি যানবাহনের জন্য জ্বালানি সরবরাহ ৫০ শতাংশ কমানো হবে। একই সময়ে ২০২৬-২৭ অর্থবছরে কর্মী-সংক্রান্ত নয়—এমন ব্যয়ের বাজেট ৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কর্মসূচির আওতায় তথ্যপ্রযুক্তি সরঞ্জাম কেনা ছাড়া সরকারি দপ্তরগুলোতে সব ধরনের টেকসই পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন মাস সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফর ও ভ্রমণ স্থগিত থাকবে। তবে বৃত্তির আওতাভুক্ত সফর এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

সরকারি কর্মকর্তাদের বৈঠকের ক্ষেত্রে সম্ভব হলে টেলিকনফারেন্স ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে জ্বালানি ব্যবহার, অন্যদিকে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে।

এ ছাড়া পাকিস্তানে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ একটি পদ পরিবেশনের নির্দেশ দিয়েছে সরকার।

এর আগে চলতি বছরের মার্চেও পাকিস্তান সরকার জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কৃচ্ছ্রসাধনমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। সে সময় দেশটির সব স্কুল দুই সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে জ্বালানি ব্যবহার কমানো এবং সম্ভব হলে কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছিল।

নতুন পদক্ষেপগুলো এমন সময়ে নেওয়া হলো, যখন পাকিস্তান গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দামও বাড়ানো হয়েছে।

গত মঙ্গলবার পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে ৪ দশমিক ১০ পাকিস্তানি রুপি এবং উচ্চগতির ডিজেলের দাম ৬ দশমিক ৪১ রুপি বাড়ানো হয়। এতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটার ৩৮৪ দশমিক ৩৪ রুপি এবং ডিজেলের দাম দাঁড়ায় ৪১৫ দশমিক ৮৩ রুপি।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক জানিয়েছেন, জ্বালানি ত্রাণ প্রকল্পের মাধ্যমে মূল্যবৃদ্ধির একটি অংশের চাপ ভোক্তাদের ওপর থেকে কমানোর চেষ্টা করছে সরকার।

বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নীতির আওতায় মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকদের প্রতি লিটারে ১০০ পাকিস্তানি রুপি—প্রায় ৩৬ মার্কিন সেন্ট—ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এই সুবিধা পেতে মাসিক জ্বালানি ব্যবহারের নির্দিষ্ট সীমা থাকবে।

আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের উদ্বেগের মধ্যে ব্যবহার কমানো এবং সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নতুন কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

সর্বশেষ - অপরাধ