ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ি ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। পরিচ্ছন্নতার অভ্যাস বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার পরামর্শ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তাদের ছোট ছোট উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পরামর্শ
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ছে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়েও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন তিনি।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলাও প্রয়োজন।
তিনি শিক্ষার্থীদের নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সময়ের যথাযথ মূল্য দেওয়ার পরামর্শ দেন।
প্রাণীর প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান
মানুষের পাশাপাশি অসহায় প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ একটি মানবিক সমাজের পরিচয়।
সংসদ অধিবেশন দেখতে ৪২ শিক্ষার্থী
কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক ও পরিচালনা কমিটির দুজন সদস্য।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পায়। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে শিক্ষার্থীরা।


















