রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সরকারি সফরে তিনি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরসূচি অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছানোর কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে তিনি সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।
এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজের বাড়িতে যাবেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে তিনি নিজ বাড়িতেই অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহরে কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলছে। বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি সফরের কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সংসদীয় আসনটি শূন্য হয়।
ঠাকুরগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা মির্জা ফখরুলের। তার শৈশব ও কৈশোরের বড় একটি সময় কেটেছে শহরের কালীবাড়ী এলাকায়। রাষ্ট্রপতি হওয়ার পর নিজ জেলা ও শৈশবের শহরে এটিই তার প্রথম সফর।


















