শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনার আহ্বান রিজভীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

Spread the love

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।

শুক্রবার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের জন্য বিরোধী দলগুলো লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দিতে পারে। তবে একই সঙ্গে সংকট সমাধানে বিকল্প পরিকল্পনাও তুলে ধরতে হবে। কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে, কোথা থেকে জ্বালানি সংগ্রহ করা হবে এবং কীভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব—এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিরোধী দলের সদস্যদের জাতীয় সংসদে কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। তবে জাতীয় সংকটের সময়ে সমাধানের পথ দেখানোও বিরোধী দলের দায়িত্বের অংশ।

রিজভী আরও বলেন, পরিকল্পিতভাবে কোনো ধরনের অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট কীভাবে নিরসন করা যায়, সে বিষয়ে কার্যকর পরিকল্পনা প্রয়োজন। অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল ও অন্ধকারের দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সৃষ্ট সংকটের কারণে পরিস্থিতি কঠিন হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। তার দাবি, বর্তমান পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে সৃষ্টি হয়নি।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকনসহ অনেকে।

সর্বশেষ - অপরাধ