কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি, তাঁর স্ত্রী স্টেফানি হলিহান এবং পাঁচ মার্কিন নাগরিকসহ মোট সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে পর্যটন ভ্রমণের উদ্দেশ্যে এওয়াসো নিয়রো নদীর দিকে যাচ্ছিল। যাত্রাপথে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলে আরোহীদের কারও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।


















