নরসিংদীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কৃত্রিম সাফল্য ও শতভাগ জিপিএ-৫ অর্জনে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর সার্বিক সত্যতা যাচাই ও ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত রোববার (১৬ আগস্ট) বোর্ডের এক আদেশে আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ফলাফলে শতভাগ সাফল্য ও রেকর্ডসংখ্যক জিপিএ-৫ পাওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ইচ্ছেকৃতভাবে বাদ দেওয়া এবং ফরম পূরণের সুযোগ থেকে বঞ্চিত করার মতো অনৈতিক পথ বেছে নেওয়া হয়েছিল। তদন্তের স্বার্থে শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থী, ভর্তি নথি, টেস্ট পরীক্ষা ও চূড়ান্ত ফরম পূরণের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


















