প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার দিনব্যাপী ঐতিহাসিক সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের জন্য মাসিক সম্মানি ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ৫১০ জন নারীপ্রধানসহ অসচ্ছল, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থী ও জটিল ব্যাধিতে আক্রান্ত রোগীদের হাতে অনুদানের চেক এবং সুবিধাবঞ্চিত ১০ জনের হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
সামাজিক সুরক্ষার পাশাপাশি বর্ষা শেষে নদী-খাল পুনঃখনন কর্মসূচির পুনরায় সূচনা এবং ১,৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম পর্যায়)’-এর ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রসারে ফেনীর তিনটি উপজেলার সরকারি ভবনের ছাদে স্থাপিত ১ মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমও উদ্বোধন করা হবে। দিনব্যাপী এসব ব্যস্ত কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।


















