সোমবার , ২০ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানকে ঘিরে নতুন মার্কিন পরিকল্পনা জানানো হলো ইসরায়েলকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

Spread the love

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা ও অভিযান আগামী দিনগুলোতে আরও ব্যাপক ও তীব্র করার পরিকল্পনা গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে বলে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। দুই মিত্র দেশের জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত এবং ইরানে বড় ধরনের আক্রমণের সম্ভাব্য জবাবে তেহরান যদি ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালায়, তবে পরিস্থিতি কী হতে পারে তা নিয়ে দুদেশের মধ্যে উচ্চপর্যায়ের কৌশলগত আলোচনাও সম্পন্ন হয়েছে। তবে এই উত্তেজনার বর্তমান ধাপে ইসরায়েলকে সরাসরি যুদ্ধে না জড়িয়ে নিজেদের মার্কিন সামরিক শক্তিবলেই অভিযান পরিচালনার পক্ষে অবস্থান প্রকাশ করেছে ওয়াশিংটন।

দুই দেশের সামরিক মূল্যায়নে দেখা গেছে, ওয়াশিংটনের বর্ধিত সামরিক অভিযানের জবাবে ইরান ইসরায়েলে রকেট বা ক্ষেপণাস্ত্র হামলা চাললে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলও ইরানি ভূখণ্ডে পাল্টা আঘাত হানতে বাধ্য হতে পারে। সেই সম্ভাবনা এড়াতে মার্কিন প্রশাসন নিজেদের সক্ষমতা বাড়াতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে। কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে কাতার ও ইউরোপের বিমানঘাঁটি থেকে ১০টিরও বেশি এয়ারিয়াল রিফুয়েলিং (ট্যাংকার) বিমান ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছে। এছাড়া ইসরায়েলি গণমাধ্যম ‘ওয়েনট’-এর তথ্যমতে, মার্কিন বিমান বাহিনীর অভিযান দীর্ঘস্থায়ী করতে ইসরায়েলি সামরিক ঘাঁটি, দক্ষিণ ইসরায়েলের রামোন বিমানবন্দর এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০টির মতো মার্কিন জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান ও অতিরিক্ত এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে।

গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরের পর কিছুকাল বিরতি থাকলেও সম্প্রতি মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার হামলা-পাল্টা হামলা নতুন করে চরম রূপ ধারণ করেছে। তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে ‘বিপর্যয়কর জবাব’ দেওয়ার হুশিয়ারি জারি রেখে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে, যা পুরো অঞ্চলকে নতুন করে এক অনিশ্চিত যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ - অপরাধ