হাইকোর্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন। সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
৩ ডিসেম্বর দায়ের করা রিটে দাবি করা হয়েছিল, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার আবেদন করা হয়েছিল।
নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের, কিন্তু নির্বাহী বিভাগকে দায়িত্ব দেওয়ার ফলে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। রিটে দাবি করা হয়েছিল, নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া কেন অবৈধ হবে না, তা রুলে প্রশ্ন করা হয়।
আইনজীবীর যুক্তি ছিল, বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়েছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এমতাবস্থায় নির্বাচন কমিশনের নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছিল।


















