যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভেপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৮ শিশুসহ মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে ৮ জনই প্রাণ হারিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোরে একটি পারিবারিক বিরোধের জের ধরে এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ঘাতক ব্যক্তি পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলিতে নিহত হয়েছেন।
শ্রীভেপোর্ট পুলিশ বিভাগের করপোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে জানান, সকাল ৬টার দিকে একটি ‘ডোমেস্টিক ডিসটার্ব্যান্স’ বা পারিবারিক অশান্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে দেখা গেছে, অপরাধস্থলটি দুটি বাড়ি জুড়ে বিস্তৃত ছিল এবং তদন্তকারীরা সংশ্লিষ্ট তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। বোর্ডেলন আরও উল্লেখ করেন যে, হামলার শিকার শিশুদের মধ্যে কয়েকজন ঘাতকের নিজের আত্মীয় ছিল। হামলাকারী ব্যক্তিটি একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
হত্যাকাণ্ড শেষে অভিযুক্ত ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। শ্রীভেপোর্টের মেয়র টম আর্সেনো এই ঘটনাকে শহরের জন্য একটি ‘ভয়াবহ সকাল’ হিসেবে বর্ণনা করে গভীর শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এবং এর ফলে নিয়মিত বিরতিতে এমন প্রাণহানির ঘটনায় দেশটির নাগরিক নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।


















