এক সময়ের জাতীয় পার্টির ‘অভেদ্য দুর্গ’ হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে এবার ভোটের সমীকরণে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার তারেক রহমানের ময়মনসিংহ সফর এবং বিএনপির বিশাল ভোটব্যাংককে কেন্দ্র করে দলটি যখন তৎপর, তখন মাঠ চষে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। গত দুই দিনে রংপুর ও রাজশাহীর আট জেলায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিশাল জনসভা ও শোডাউন হয়েছে, যেখানে উত্তরবঙ্গকে ‘কৃষি শিল্পের রাজধানী’ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর বিপরীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না পাওয়ার অভিযোগ এবং দলটির নীরবতা দৃশ্যমান। এই অঞ্চলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এনসিপি ও জামায়াতের নতুন মেরুকরণ এবং বিএনপির শক্তিশালী অবস্থান লাঙলের ঐতিহ্যবাহী আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


















