রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ও ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩ হাজার থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এ আবেদনটি জমা দেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনে উল্লেখিত অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পরিবেশ উপদেষ্টা ড. সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী এবং সংসদ সদস্য ও সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও পিনাকী ভট্টাচার্যসহ অনেকে। অভিযোগে বলা হয়, বেআইনি উদ্দেশ্যে উসকানি দিয়ে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনে ভাঙচুর, মূল্যবান ঐতিহাসিক দলিলপত্র ও স্মৃতিচিহ্ন লুটপাট এবং অগ্নিসংযোগের মাধ্যমে তা ধ্বংস করা হয়েছে। বাদীপক্ষ দণ্ডবিধি ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।


















