শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করতে গেলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের জিয়ার সমাধিতে পৌঁছান তারেক রহমান। জুমার নামাজ শেষে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি সমাধিস্থলের উদ্দেশে রওনা দেন।
জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন। প্রথমে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে প্রথমেই তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।
এর আগে ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান।



















