সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জানুয়ারি পূর্বপুরুষের ভিটা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর তাঁর এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়ার মানুষের আবেগ ও প্রত্যাশা অন্য জেলার তুলনায় আরও গভীর।
বগুড়া জেলা বিএনপি জানিয়েছে, ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর তিনি সাতমাথা, তিনমাথা ও মাটিডালী হয়ে মহাস্থানে হজরত শাহ সুলতান বলখি মাহি সাওয়ার (রহ.)–এর মাজার জিয়ারত করে রংপুরের উদ্দেশে রওনা দেবেন।
দলীয় সূত্র জানায়, ঢাকার বাইরে এটি হবে তারেক রহমানের প্রথম সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপির কার্যালয়ে আধুনিক নকশায় একটি নিজস্ব অফিস প্রস্তুত করা হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির নেতারা বলছেন, দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার নতুন দিনের সূচনা হবে—এমন আশাই করছেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ।



















