শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

Spread the love

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে এ হামলা হয়। প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পুলিশ জানিয়েছে, হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন হতাহত হন।

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে।

খাইবার পাখতুনখাওয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানের সংঘাতপ্রবণ অঞ্চলগুলোর একটি। আফগানিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সহিংসতা বেড়েছে। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্য।

এর আগে চলতি মাসেই খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ কমপ্লেক্সে আত্মঘাতী হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ৩১ জন নিহত হন। ওই হামলার দায় টিটিপির একটি গোষ্ঠী স্বীকার করেছিল।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালনা করছে। আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে। সীমান্তে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে।

সর্বশেষ - অপরাধ