নির্বাচন সুষ্ঠু করা এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবো। কোন দল কোন আসন থেকে নির্বাচন করবে, তা আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরও বলেন, জোটের বাইরে এনসিপির কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না। যেসব আসনে এনসিপি প্রার্থী দেবে না, সেসব আসনে জোটের প্রার্থীদের পক্ষে আমরা সক্রিয়ভাবে কাজ করবো।
এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া দলটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
এর আগে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নতুন করে জোটে যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন।
জামায়াতের আমির বলেন, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই রাজনৈতিক সমঝোতা ও জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।



















