সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম জুমা।
এর আগে বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে পরিবারের সম্মতিক্রমে সিঙ্গাপুরে জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধা জীবনযুদ্ধে হার মানেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
এমআই



















