চালকদের জীবিকা ও পরিবারের কথা বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। তবে এসব রিকশা চলাচল শৃঙ্খলার আওতায় আনা হবে বলে জানান তিনি।
শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে ‘বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে একটি কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কে বিশৃঙ্খলা প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ঢাকার সড়কে বিশৃঙ্খলার মূল কারণ বাসগুলো। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো বন্ধ করতে খুব শিগগিরই নির্দিষ্ট স্টপেজভিত্তিক বাস সার্ভিস চালু করা হবে, যা পর্যায়ক্রমে বিভিন্ন রুটে বাস্তবায়ন করা হবে।
এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করা ও নগর নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পরে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ, ডিএসসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















