সরকারি চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থের অজুহাত দেখিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তা ও ৪৯ জন পরিদর্শকসহ (ওসি) মোট ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে জনস্বার্থে এই সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো সাতজন এএসপি হলেন র্যাব সদর দপ্তরের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার মো. রবিউল ইসলাম। পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের একইভাবে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। তবে প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে যাওয়া এই ৫৬ জন কর্মকর্তা বিধি মোতাবেক তাদের প্রাপ্য সকল অবসরজনিত আর্থিক ও দাপ্তরিক সুবিধা লাভ করবেন।


















