সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত ও আরও ৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।
তারেক রহমান লেখেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
তিনি বলেন, জাতিসংঘের পতাকাতলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এসব বীর সেনাসদস্য জাতির গর্ব। তাঁদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করে তারেক রহমান শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারত্ব, সাহস ও আত্মত্যাগ তাঁকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে নিহত সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করার এবং আহতদের দ্রুত আরোগ্য দানের প্রার্থনা জানান।



















