মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেলে গুলশানে দলের নতুন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। কর্মসূচির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’

মাহদী আমিন জানান, প্রতিযোগিতাটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে অংশ নিতে ১ মিনিট দৈর্ঘ্যের একটি রিল তৈরি করতে হবে। নির্ধারিত ১১টি থিমের যেকোনো একটির ওপর ভিত্তি করে যে কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি বিশেষ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রকাশিত লিফলেটে ছয়টি ধাপ নির্ধারণ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে থিম বেছে নিয়ে রিল তৈরি করতে হবে। তৃতীয় ও চতুর্থ ধাপে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের যেকোনো একটিতে নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে।

পঞ্চম ধাপে রিলের ক্যাপশনে নির্ধারিত হ্যাশট্যাগের সঙ্গে অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। ষষ্ঠ ও শেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে শেয়ার করতে হবে।

রিলের ধরন হতে পারে একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়সহ যেকোনো ভিডিও কনটেন্ট। মূল্যায়নে ৩০ শতাংশ থাকবে জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর দেবেন জুরি বোর্ড।

প্রতিযোগিতার ১১টি থিম হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি তারেক রহমানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস, একে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে। তিনি জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সর্বশেষ - অপরাধ