ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে জানান, হাদিকে লক্ষ্য করে চালানো এই হামলা অত্যন্ত গুরুতর অপরাধ, এবং হামলাকারীরা যে-ই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
ডিএমপি কমিশনার বলেন, হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ, গোয়েন্দা ইউনিট, র্যাবসহ সব বাহিনী যৌথভাবে কাজ করছে। তিনি নিশ্চিত করেন, সন্ত্রাসীরা রাজধানীর যেকোনো প্রান্তে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে বের করা হবে।
শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে আসা অস্ত্রধারীরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।



















