প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বাঞ্চলের কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, ইতোমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অধিবেশনটি পরিচালনা করেন হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছিল। ইতোমধ্যে যেসব কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংসদে যোগ দেওয়ার আগেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সরকার ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে সহায়তা বিতরণ করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।



















