যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বেড়াতে গিয়েই চমকে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ভালোবাসার মানুষ সুজিত বসুর সঙ্গে একেবারে হঠাৎ করেই সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। পেশায় আইটি ইঞ্জিনিয়ার সুজিত দীর্ঘ ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন।
গত বৃহস্পতিবার গলায় বরমালা পরিয়ে দেন তনুশ্রী—এভাবে প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। অভিনেত্রী জানান, এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়, মাত্র পাঁচ মাসের আলাপেই তৈরি হয় গভীর টান। লাস ভেগাসে সফরের সময়ই সুজিত তাকে বিয়ের প্রস্তাব দেন, আর তনুশ্রীও ‘না’ বলতে পারেননি।
অভিনেত্রীর ভাষায়, সবকিছু এতটাই আকস্মিক ছিল যে কোনো প্রস্তুতির সুযোগই মেলেনি; এমনকি তার পরিবারও উপস্থিত থাকতে পারেননি। দেশে ফিরে আনুষ্ঠানিক আয়োজন করার পরিকল্পনা ছিল, তবে হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত হয়ে যায়।
বর্তমানে তারা লাস ভেগাসেই অবস্থান করছেন। দেশে ফিরে আয়োজন হবে কি না—সে পরিকল্পনা এখনো হয়নি বলে জানান তনুশ্রী।
এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ডিপ ফ্রিজ’ ছবিতে তার অভিনয় দর্শকপ্রশংসা কুড়িয়েছে। নতুন ছবির আলোচনার মধ্যেই নায়িকার আকস্মিক বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
সূত্র: এবিপি আনন্দ



















