মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন কোটি মানুষের ঢাকায় সরকারি কবরস্থানের জমি মাত্র ২৫৩ একর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকায় তিন কোটির বেশি মানুষের বসবাস। বিপুল এই জনগোষ্ঠীর শেষ ঠিকানার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সরকারি কবরস্থানের জমি রয়েছে মাত্র ২৫৩ একর।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুই সিটির অধীন সরকারি কবরস্থান রয়েছে মোট ১৩টি। এসব কবরস্থানে সব মিলিয়ে দুই লাখ ৩৩ হাজার ৫৭৮ জনের মরদেহ দাফনের ব্যবস্থা রয়েছে।

হিসাব অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন কবরস্থানের মোট জমির পরিমাণ ৬১ একর। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন রয়েছে ১৯২ একর। অর্থাৎ তিন কোটির বেশি মানুষের জন্য সরকারি কবরস্থানের মোট জমি ২৫৩ একর।

সংশ্লিষ্টরা বলছেন, জনসংখ্যার তুলনায় এই জায়গা অপ্রতুল হওয়ায় পুরনো কবর পুনর্ব্যবহার এখন রাজধানীর কবরস্থান ব্যবস্থাপনার নিয়মিত প্রক্রিয়ায় পরিণত হয়েছে।

উত্তরে সাত, দক্ষিণে ছয় কবরস্থান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন সরকারি কবরস্থান রয়েছে সাতটি। এগুলো হলো বনানী, মিরপুর শহীদ বুদ্ধিজীবী, রায়েরবাজার বধ্যভূমিসংলগ্ন, উত্তরা ৪, ১২ ও ১৪ নম্বর সেক্টর এবং নতুন চামুরখান কবরস্থান।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন রয়েছে ছয়টি সরকারি কবরস্থান। এগুলো হলো আজিমপুর পুরাতন ও নতুন কবরস্থান, জুরাইন, খিলগাঁও, ধলপুর এবং মুরাদপুর শিশু কবরস্থান।

ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় ও পুরনো কবরস্থান আজিমপুর। প্রায় ৩৫ একর জমির ওপর গড়ে ওঠা এই কবরস্থানে বর্তমানে প্রায় ২৫ হাজার কবর রয়েছে। এর মধ্যে সংরক্ষিত কবরের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০।

প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এ ছাড়া প্রায় আড়াই একর জায়গার ওপর সেখানে নতুন একটি কবরস্থান রয়েছে, যেখানে সংরক্ষিত কবরের সংখ্যা প্রায় ২ হাজার ৫০টি।

এই হিসাবে শুধু আজিমপুরেই বছরে প্রায় ৯ থেকে ১১ হাজার নতুন মরদেহ দাফনের প্রয়োজন হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন জমি যুক্ত হওয়ার সুযোগ খুবই সীমিত। ফলে জায়গার সংকটের কারণে কবর স্থায়ী করার প্রক্রিয়াও সীমিত হয়ে এসেছে।

পুরনো কবর পুনর্ব্যবহার

ঢাকার বনানী কবরস্থানেও রয়েছে ৯ হাজারের বেশি কবর। সেখানে নতুন কবর দেওয়ার মতো জায়গা না থাকায় পুরনো কবর পুনর্ব্যবহার করা হচ্ছে।

সাধারণত একটি কবরের জায়গায় দুই বছর পর আবার নতুন মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নীতিমালাতেও সাধারণ এলাকার কবর সর্বোচ্চ দুই বছর রাখার বিধান রয়েছে।

জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে কোনো কোনো স্থায়ী কবরে একাধিক মরদেহ দাফনের ব্যবস্থাও করা হচ্ছে। কোথাও কোথাও একটি স্থায়ী কবরে সাতজন পর্যন্ত মরদেহ দাফনের তথ্য পাওয়া গেছে।

জায়গার সংকট মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চামুরখান কবরস্থান। তবে নতুন এই কবরস্থানেও বর্তমানে প্রায় ৪০০টি কবর দেওয়ার মতো জায়গা রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘমেয়াদি সংরক্ষণেও বাড়ছে চাপ

ঢাকার কবরস্থান ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণও জায়গার সংকট বাড়াচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কবরস্থানগুলোর জমির বড় একটি অংশ বিভিন্ন মেয়াদে সংরক্ষিত রয়েছে। এসব জায়গায় সংরক্ষণকাল শেষ না হওয়া পর্যন্ত সাধারণভাবে নতুন মরদেহ দাফনের সুযোগ থাকে না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনেও ১৫ ও ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ডিএনসিসির নীতিমালায় ছয়টি কবরস্থানের জন্য এসব মেয়াদে আলাদা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে।

একটি কবর যত দীর্ঘ সময় সংরক্ষিত থাকে, তত দিন ওই জায়গা নতুন দাফনের জন্য ব্যবহার করা যায় না। তবে সংরক্ষিত কবরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করলে সেটি সাধারণ কবর হিসেবে গণ্য হওয়ার বিধান রয়েছে। তখন সেখানে অন্য মরদেহ দাফন করা যেতে পারে।

নীতিমালায় প্রয়োজন অনুযায়ী একই জায়গা নতুনভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি প্রতিটি কবরের অবস্থান ও দাফন করা ব্যক্তির তথ্য সংরক্ষণ এবং কবরস্থানগুলোর মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা রয়েছে।

জনসংখ্যা বাড়লেও বাড়েনি কবরস্থানের জমি

বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী, গত কয়েক দশকে ঢাকার আয়তন ও জনসংখ্যা দুটিই বেড়েছে। নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে এবং শহর বিস্তৃত হয়েছে চারদিকে।

তবে সেই অনুপাতে মৃত মানুষের জন্য নতুন কবরস্থানের জমি তৈরি হয়নি। ফলে বিপুল জনসংখ্যার তুলনায় সীমিত সরকারি কবরস্থানের জমির ওপর চাপ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে পুরনো কবর পুনর্ব্যবহার এবং দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণের মধ্যে ভারসাম্য রেখে কবরস্থান ব্যবস্থাপনা চালিয়ে যেতে হচ্ছে দুই সিটি করপোরেশনকে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কিরাতে দ্বিতীয় হলেন বাংলাদেশের আবু ইউসুফ

সংসদে দুই বেলা অধিবেশনের সিদ্ধান্ত: ১৩৩টি অধ্যাদেশ পাসে বিশেষ কর্মযজ্ঞ

তিন মন্ত্রণালয়ের তিন সচিবের পদান্তর

আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসন-জনপ্রতিনিধিদের সমন্বয় জরুরি: টুকু

আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন মির্জা ফখরুল

তারেক রহমানের ওপর আস্থা রাখুন, বাংলাদেশ ঠকবে না: আন্দালিব রহমান পার্থ

সব ধর্মেই সম্প্রীতির বার্তা, জন্মাষ্টমীতে তারেক রহমানের শুভেচ্ছা

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

প্লাস্টিকের বোতল দিলেই পাকিস্তানে মিলবে হাজারো রুপি

পরমাণু নীতিতে কৌশলগত বদল ইরানের: ‘জাতীয় সম্পদ’ রক্ষার ঘোষণা