পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনঃনির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এ অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। ফলে ৫ সেপ্টেম্বরের পরিবর্তে ৬ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাক, হাসপাতাল, চিকিৎসা ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট কার্যক্রম স্বাভাবিক থাকবে।
ব্যাংকের ছুটি বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, আর আদালতের কার্যক্রম সম্পর্কিত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।



















