শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা-আকাশ প্রতিরক্ষা পাঠাবে ফ্রান্স

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ

Spread the love

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু বন্দর ও এর সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা জোরদারে দেশটিতে সেনা, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স২-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি। ম্যাক্রোঁ বলেন, ফরাসি সামরিক সদস্য ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর উদ্দেশ্য কোনো সংঘাতে জড়ানো নয়, বরং গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষিত রাখা।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়ানবু সৌদি আরবের তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানিতে লোহিত সাগর হয়ে ইয়ানবু রুটের গুরুত্ব আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে ইয়ানবু ও এই রুটের জ্বালানি অবকাঠামো হামলার হুমকির মুখে পড়েছে।

ম্যাক্রোঁ বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ইয়ানবু স্থাপনা রক্ষায় সেনা, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। তাঁর ভাষ্য, এসব সামরিক সম্পদের উদ্দেশ্য সংঘাতে অংশ নেওয়া নয়; বরং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করা।

হুথি হামলার প্রেক্ষাপটে ইয়ানবুর গুরুত্ব

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার কারণে সৌদি তেল রপ্তানির বিকল্প পথ ইয়ানবু নিয়ে উদ্বেগ বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানবু রুটে হামলার কারণে তেলের বাজারেও চাপ তৈরি হয়েছে।

এর আগে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ হয়ে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল পরিবহন ব্যাহত হয়েছিল। রয়টার্স জানিয়েছে, পাইপলাইনটি পুনরায় চালুর পরও পূর্ণ সক্ষমতায় সরবরাহ ফিরতে সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল।

মার্কিন ডিজেল রপ্তানি নিয়ে মন্তব্য

সাক্ষাৎকারে ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা বৈশ্বিক অর্থনীতি এবং মার্কিন অর্থনীতির জন্যও ‘বিপর্যয়কর’ হতে পারে। তবে হোয়াইট হাউস এমন কোনো নিষেধাজ্ঞার পরিকল্পনা বিবেচনা করার কথা অস্বীকার করেছে।

ফ্রান্সে জ্বালানির দাম নিয়ে উদ্বেগের মধ্যে ম্যাক্রোঁ দেশটির নাগরিকদের আশ্বস্ত করে বলেন, শীত মৌসুম সামনে রেখে ফ্রান্সে প্রয়োজনীয় গ্যাস, ডিজেল ও জ্বালানির মজুত নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে।

রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে সতর্কতা

সাক্ষাৎকারে ফরাসি ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়েও সতর্ক করেন ম্যাক্রোঁ। স্প্যানিশ সংবাদপত্র ‘এল মুন্দো’র একটি প্রতিবেদনে ভূমধ্যসাগর থেকে সম্ভাব্য রুশ ড্রোন হামলা নিয়ে ইউরোপীয় দেশগুলোকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সতর্ক করার কথা বলা হয়েছিল।

তবে ম্যাক্রোঁ ওই তথ্য অস্বীকার করে বলেন, সিআইএ ফরাসি গোয়েন্দা সংস্থাকে এমন কোনো তথ্য দেয়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে রাশিয়া একের পর এক ‘শত্রুতামূলক ও অপরাধমূলক’ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ফ্রান্সও জার্মানির লিপজিগ বিমানবন্দরে ব্যর্থ ড্রোন হামলার মতো আক্রমণের ঝুঁকিতে থাকতে পারে। জার্মানি ওই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে। মস্কো অবশ্য ইউরোপীয় দেশগুলোর ‘হাইব্রিড হামলা’র অভিযোগ অস্বীকার করে আসছে এবং এসব অভিযোগকে রাশিয়াবিরোধী প্রচারণার ফল বলে দাবি করেছে।

রাশিয়ার হুমকি নিয়ে গত সপ্তাহে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। পরে গুরুত্বপূর্ণ অবকাঠামোকে ড্রোন ও সাইবার হামলা থেকে সুরক্ষায় পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।

এদিকে, ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের অবস্থান নিয়ে নতুন বিতর্কও তৈরি হয়েছে। রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের উদ্যোগে রুশ-উজবেক ধাতু ব্যবসায়ী আলিশের উসমানভকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়। জাতীয় নিরাপত্তার বিষয়টি এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পর আজারবাইজান গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাগারে থাকা এক ফরাসি নাগরিককে ক্ষমা করে দেয়।

সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ